
কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের প্রধান ফটকসংলগ্ন যাত্রী ছাউনির পেছন থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে র্যাব-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার লক্ষ্মারচর ইউনিয়নের চকরিয়া সরকারি কলেজ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে যাত্রী ছাউনির পেছনে একটি অবৈধ অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। পরে র্যাবের সিপিএসসি ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালিয়ে জঙ্গলের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বন্দুকটি উদ্ধার করে।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেও অস্ত্রটি কারা সেখানে রেখেছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।